
টানা ভারী বর্ষণে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার আদর্শগ্রাম চেকপোস্টসংলগ্ন একটি স্টিলের সেতু ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সেতুর পশ্চিম পাশে নিচের মাটি সরে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
শনিবার বিকেল ৩টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এ তথ্য জানায়।
বিজিবি জানায়, আদর্শগ্রাম চেকপোস্ট থেকে প্রায় ১০০ মিটার পশ্চিমে অবস্থিত স্টিলের সেতুর পশ্চিম প্রান্তের নিচের মাটি ভারী বর্ষণের কারণে সরে যায়। খবর পেয়ে ব্যাটালিয়ন সদর থেকে প্রয়োজনীয় সরঞ্জামসহ বিজিবির একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়।
পরে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সেতুটি ঝুঁকিমুক্ত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন। প্রবল বৃষ্টির মধ্যেই বিজিবির সদস্যরা মাটিভর্তি বস্তা ব্যবহার করে পানির প্রবাহ নিয়ন্ত্রণ এবং সেতুটি সুরক্ষার কাজ শুরু করেন। সেতুটি সম্পূর্ণ ঝুঁকিমুক্ত করতে মেরামত কার্যক্রম চলমান রয়েছে।
ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি দুর্যোগে জনদুর্ভোগ কমাতে বিজিবির মানবিক সহায়তা ও জরুরি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।